জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বারে কল পেয়ে মুন্সীগঞ্জ সদরে মেঘনা নদীতে ভাসতে থাকা এক বৃদ্ধাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে নৌ-পুলিশের সদস্যরা।
মঙ্গলবার (১৯ মে) সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের চরমশুরা গ্রাম সংলগ্ন নদী থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করে। অনুমান ৭০ বছর বয়সী ওই বৃদ্ধার পরিচয় জানা যায়নি। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলার গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের চরমশুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এক নারীর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। এ সময় গ্রামবাসীর পক্ষ থেকে পুলিশের জরুরী সেবা ত্রিপল নাইন (৯৯৯) নম্বারে কল করা হয়। জাতীয় জরুরি সেবার মাধ্যমে খবর পেয়ে নৌ-পুলিশের সদস্যরা ওই নারীকে উদ্ধারে মেঘনাবক্ষে ছুটে যান।
নৌ-পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থলে পৌঁছে তারা ওই নারীকে জীবিত অবস্থায় ভাসতে দেখেন। এরপর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। ওই নারী তার নাম পরিচয় কিছুই বলতে পারছেন না। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।