কান চলচ্চিত্র উৎসব-২০২৬

ভূমধ্যসাগরের নীল জলরেখা ছুঁয়ে যখন সন্ধ্যার আলো ধীরে ধীরে নেমে আসে, তখন ফ্রান্সের ছোট্ট শহর কান যেন বদলে যায় এক স্বপ্নের নগরীতে। চারপাশে ঝলমলে আলো, লালগালিচায় ক্যামেরার ঝলকানি, দূর থেকে ভেসে আসা করতালির শব্দ সব মিলিয়ে নিজস্ব ছন্দেই সৌরভ ছড়াচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬

১. উৎসবের সপ্তম দিনে স্থানীয় সময় সোমবার মধ্যরাতে লালগালিচায় সবচেয়ে বেশি নজর কাড়েন হলিউড তারকা দম্পতি মাইকেল ফাসবেন্ডার ও অ্যালিসিয়া ভিকান্দার। এক দশক পর নতুন সিনেমার মাধ্যমে তারা আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরেছেন। দর্শকদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন এই তারকা দম্পতি।

২. এবারের উৎসবেও আলো ছড়াচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ মডেল ও অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তি। উদ্বোধনী রাতেই লাল গালিচায় নিজের গ্ল্যামার আর আভিজাত্যের দ্যুতি ছড়িয়েছেন তিনি। এবার নিয়ে টানা ১১ বারের মতো কানের রেড কার্পেটে হেঁটে ইতিহাস গড়লেন সাবেক এই ‘মিস আয়ারল্যান্ড’। মাকসুদা প্রিয়তি দীর্ঘ সময় ধরে আয়ারল্যান্ডে বসবাস করলেও আন্তর্জাতিক মঞ্চে বারবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

৩. কানের ফরাসি রিভিয়েরায় অনুষ্ঠিত ‘মার্শে দু ফিল্ম’-এ নিজের নতুন সিনেমা ‘বম্বে স্টোরিজ’-এর প্রদর্শনীতে অংশ নেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। এদিন তার পোশাকই ছিল সবচেয়ে বড় আকর্ষণ। কালো রঙের ছোট ড্রেস, তাতে সাদা হাল্টার কলার পুরো লুকটিতে ছিল পুরনো হলিউড গ্ল্যামারের ছাপ। এর সঙ্গে কাঁধে ঝুলিয়ে রাখা ওভারসাইজড কালো কোট, শিয়ার স্টকিংস আর পয়েন্টেড বুট তার উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তোলে।