ইরান চুক্তির আশায় হরমুজ ছাড়ল তেলবাহী ট্যাঙ্কার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত শান্তিচুক্তির দিকে এগোচ্ছে, এমন ইতিবাচক ইঙ্গিতের মধ্যে হরমুজ প্রণালী থেকে দুইটি চীনা তেলবাহী ট্যাঙ্কার বেরিয়ে গেছে বলে জানিয়েছে শিপিং ডেটা।

বুধবারের (২০ মে) তথ্য অনুযায়ী, ওই ট্যাঙ্কারগুলো তেল বোঝাই অবস্থায় প্রণালী অতিক্রম করে বেরিয়ে যায়, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে কিছুটা স্বস্তির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি আলোচনায় অগ্রগতির কথা জানিয়ে আশাবাদ ব্যক্ত করার পর এই উন্নয়ন দেখা যায়।

ট্রাম্প মঙ্গলবার বলেন, 'যুদ্ধ খুব দ্রুতই শেষ হয়ে যাবে।' তিনি আরও জানান, তিনি সামরিক অভিযান পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়ার এক ঘণ্টার মধ্যেই তা স্থগিত করেন, কারণ তেহরান একটি নতুন প্রস্তাব দিয়েছে।

হোয়াইট হাউসের ব্রিফিংয়ে ভ্যান্স বলেন, “আমরা এখন বেশ ভালো অবস্থানে আছি।” তিনি ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ করেন।

ট্রাম্প দাবি করেন, ইরানের নেতৃত্ব এখন চুক্তির জন্য চাপের মধ্যে রয়েছে এবং সমঝোতা না হলে আগামী দিনে যুক্তরাষ্ট্র নতুন হামলা চালাতে পারে।

প্রতিবেদনে বলা হয়, প্রায় তিন মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা সংঘাত শেষ করার জন্য ওয়াশিংটনকে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে জ্বালানি মূল্য এবং আসন্ন নির্বাচনের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে, শত শত ট্যাঙ্কার আটকে পড়েছে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে সাম্প্রতিক ইতিবাচক সংকেতের পর তেলের দাম কিছুটা কমেছে। বিশ্লেষকদের মতে, বাজার এখন দেখছে ওয়াশিংটন ও তেহরান সত্যিই কোনো সমঝোতায় পৌঁছাতে পারে কি না।