৮ ঘণ্টার মধ্যেই সরানো হবে কুরবানির বর্জ্য: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় আগামী ঈদুল আজহার কুরবানির বর্জ্য মাত্র ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।

বুধবার (২০ মে) সকালে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডের ১৯ নম্বর ওয়ার্ডের সবজি বাগান সংলগ্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) সৌন্দর্যবর্ধন ও ল্যান্ডস্ক্যাপিং কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

ডিএসসিসি প্রশাসক পশুর হাটের সার্বিক নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনার ওপর জোর দিয়ে বলেন, প্রত্যেক হাটে কন্ট্রোল রুম থাকবে, ডাক্তার থাকবে, পুলিশের টহল থাকবে। যাতে নির্বিঘ্নে মানুষ হাটে এসে কেনাকাটা করতে পারে। পশুর হাটের বর্জ্য হাট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরিষ্কার করা হবে। 

জনস্বাস্থ্যের দিকে নজর দেওয়ার কথা উল্লেখ করে আবদুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ডে ওয়ার্ডে জরিপ করা হচ্ছে। জরিপের ফলাফল পর্যালোচনা করে নেওয়া হবে অগ্রীম ব্যবস্থা। এতে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে ডেঙ্গু, চিকুনগুনিয়ার প্রকোপ।