পর্যায়ক্রমে বাকি বিমানবন্দর প্রতিষ্ঠা বাস্তবায়ন করা হবে: বিমানমন্ত্রী

প্রধানমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিমানবন্দর প্রতিষ্ঠার বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

তিনি বলেন, দেশের যেসব এলাকায় প্রধানমন্ত্রী বিমানবন্দর প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন, পর্যায়ক্রমে সেগুলোও বাস্তবায়ন করা হবে। সবগুলো বিমানবন্দর একসঙ্গে করা সম্ভব হবে না, পর্যায়ক্রমে ধীরে ধীরে এই কাজগুলো বাস্তবায়ন করা হবে।

বুধবার (২০ মে) সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আফরোজা খানম বলেন, দেশের যে স্থানে অর্থনীতি, জনগণ ও দেশের স্বার্থ জড়িয়ে আছে এবং যেখানে যাত্রীসেবা সবচেয়ে বেশি বৃদ্ধি করা সম্ভব, সেই বিমানবন্দরগুলোকে সরকার অগ্রাধিকার ও গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

তিনি বলেন, 'সৈয়দপুর যেহেতু উত্তরাঞ্চলের প্রবেশদ্বার এবং এই অঞ্চলটি শিল্প-বাণিজ্যে অত্যন্ত সমৃদ্ধ, সে কারণেই এই বিমানবন্দরটিকে সরকার বিশেষভাবে বিবেচনায় রেখেছে।'

এ সময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জুবায়ের ও ব্যবসায়ী তারিকুল ইসলাম তারিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।