কিশোরীকে নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

যশোরের চৌগাছায় এক কিশোরীকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ঝন্টু নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় আর একজন গুরুতর আহত হয়েছেন। উপজেলার মাড়ুয়া গ্রামে মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ঝন্টু (৩২) ওই গ্রামের শফিয়ার রহমানের ছেলে ও আহত আশানুর রহমান (৩৫) একই এলাকার মশিয়ার রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়,একই উপজেলার দক্ষিণ সাগর গ্রামের আবু উবাইদা ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ২/৩ জনের সঙ্গে ঝন্টুর কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা ঝন্টুর বুকের বাম পাশে দুইটি এবং আশানুর রহমানের বুকের মাঝে একটি ছুরিকাঘাত করে পালিয়ে যান।  গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা ইয়াসমিন জ্যোতি ঝন্টুকে মৃত ঘোষণা করেন। আহত আশানুর রহমানের অবস্থার অবনতি হলে রাত নয়টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

তারা জানায়, ১৯ মে উপজেলার সিট চারাবাড়ি গ্রামের তামিমা আক্তার জুঁই (১৪) নামে এক কিশোরী অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যায়। ওই ঘটনাকে কেন্দ্র করেই দুইপক্ষের মধ্যে বিরোধ ও পরবর্তীতে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

এবিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।