ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করছে মার্কিন সিনেট

ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে একটি ‘ওয়ার পাওয়ার্স রেজুলেশন’ এগিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ক্ষমতা ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৯ মে) সিনেটে প্রস্তাবটি প্রক্রিয়াগত ভোটে ৫০-৪৭ ভোটে পাস হয়। কয়েকজন রিপাবলিকান সদস্যও ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে ট্রাম্পের বিরুদ্ধে বিরল অবস্থান নেন।

এই ভোটকে ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়া এবং সংঘাত বন্ধের কোনো স্পষ্ট লক্ষণ না থাকায় রিপাবলিকান দলের ভেতরেও উদ্বেগ বাড়ছে বলে মনে করা হচ্ছে।

ভোটের আগে সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, 'এই প্রেসিডেন্ট যেন লোড করা বন্দুক নিয়ে খেলা করা একটি শিশুর মতো।' তিনি আরও বলেন, 'ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের সেনা সম্পৃক্ততা বন্ধে ওয়ার পাওয়ার্স রেজুলেশন সমর্থনের এখনই সঠিক সময়।'

ডেমোক্র্যাটদের পাশাপাশি কয়েকজন রিপাবলিকানও ট্রাম্পকে কংগ্রেসে এসে যুদ্ধের অনুমোদন নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের আশঙ্কা, সুস্পষ্ট কৌশল ছাড়াই যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

ট্রাম্প প্রশাসনের দাবি, প্রধান সেনাপতি হিসেবে প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতার মধ্যেই সীমিত সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা রক্ষার দায়িত্বের অংশ।