পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: গোলাম পরওয়ার

একটি চক্র পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছয় দিনের মালয়েশিয়া সফর শেষে আজ বুধবার (২০ মে) দুপুরে দেশে ফিরে বিমানবন্দর লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতার কারণে আজ জনগণের জানমাল ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলার এই অবনতির দায় বর্তমান সরকার কোনোভাবেই এড়াতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি দেশবাসীকে সচেতন থাকার এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার তাগিদ দেন।

সামনে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারের প্রতি কিছু গুরুত্বপূর্ণ আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা এবং পশুর বর্জ্য অপসারণের জন্য এখন থেকেই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

একই সঙ্গে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ঈদযাত্রা যাতে নির্বিঘ্ন, নিরাপদ ও ভোগান্তিহীন হয়, সে জন্য সরকারকে দ্রুত সুনির্দিষ্ট ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করার দাবি জানান তিনি।