বাগেরহাটে পণ্যবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকাল সোয়া ৯টার দিকে খুলনা-মোংলা মহ্সাড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ভট্ট নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ পণ্যবাহী ট্রাকটি আটক করেছে। তবে পালিয়ে গেছে চালক।
নিহতদের মধ্যে একজনের নাম আব্দুল কাদের ফরাজী (৪৫)। অন্য দুজনের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহত আব্দুল কাদের ফরাজী বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুরের বাসিন্দা। অন্য দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার দুপুরে এই প্রতিবেদককে বলেন, বুধবার সকালে বাগেরহাটের চুলকাঠি এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত দুই অজ্ঞাত ব্যক্তিকে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে আসে। এখানে চিকিৎসা দেওয়ার কিছু পরেই তারা দুজনেই মারা যান। তাদের নাম পরিচয় আমরা জানতে পারেনি।
বাগেরহাটের কাটাখালী মহাসড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহমেদ বলেন, বুধবার সকাল সোয়া ৯টার দিকে মোংলা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা খুলনা-মোংলা মহ্সাড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ভট্ট নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক আসা অপর একটি পণ্যবাহি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী গুরুতর আহত হন।
এরমধ্যে মোটরসাইকেলের চালক আব্দুল কাদের ফরাজী ঘটনাস্থলেই মারা যান। আহত অন্য দুই আরোহীকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করে। দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে আহত দুজন মারা যাওয়ার খবর পেয়েছি। ঘাতক ট্রাকটি আটক করে।
তবে ট্রাকের চালক আগেই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।