বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, বাংলাদেশ ফুটবলকে ছড়িয়ে দিতে আমাদের বড় পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী চতুর্থ শ্রেণি থেকে যে চারটি খেলা বাধ্যতামূলক থাকবে, তার মধ্যে একটি হলো ফুটবল। শুধু দূর্যোগ-দুর্ঘটনা কিংবা গার্মেন্ট শিল্পের জন্য নয়, আগামীতে ফুটবল খেলার মাধ্যমে বিশ্ববাসী বাংলাদেশকে চিনবে।
তিনি বলেন, ইতিমধ্যেই আর্জেন্টিনাতে সবচেয়ে বড় দর্শক বেইচ হলো বাংলাদেশের। এভাবেই ফুটবলটাকেই দেশের দূত হিসেবে ব্যবহার করতে চাই। দ্রুত সময়ের মধ্যেই কোচের সাথে চুক্তি হবে, ক্যাম্প শুরুর আগেই কোচ আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বুধবার (২০ মে) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার নয়াচর সিরাজনগর উম্মুলকুরা মাদ্রাসায় অরফাল লাভ ফাউন্ডেশন আয়োজিত এতিম শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
অরফান লাভ ফাউন্ডেশন আয়োজিত ফুটবল ফেস্টিবলের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
সিটি ব্যাংকের সহযোগিতায় এ সময় মাদ্রাসার এতিম পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফুটবল ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।