চট্টগ্রামে দুই থাই নাগরিকের মারামারি, একজন নিহত

চট্টগ্রামের আনোয়ারা উপকূলের নিকটবর্তী সাগরে নোঙর করা একটি জাহাজে সহকর্মীর ছুরিকাঘাতে রাফিফং ক্লাহান (৩০) নামের এক থাই নাগরিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় বুধবার (২০ মে) দুপুরে তুরাকর্ন বুরুসিক (৩৫) নামে অভিযুক্ত নাবিককে আটক করেছে পুলিশ। তিনিও থাইল্যান্ডের নাগরিক বলে জানা গেছে। 

নিহত রাফিফং ক্লাহান এমভি কেপিপি-০১ (আইএমও ৯০২১২০৩) নামের একটি বিদেশি জাহাজে নাবিক হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম সানইয়াপং ক্লাহান।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, আনোয়ারা উপকূলের নিকটবর্তী সমুদ্রে চার্লি অ্যানকর পয়েন্টে নোঙর করা জাহাজটিতে কর্মরত দুই বিদেশি নাবিকের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। এ সময় একজন অপরজনকে ছুরিকাঘাত করলে রাফিফং গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, বর্তমানে নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ওই জাহাজে অভিযান চালিয়ে অভিযুক্ত তুরাকর্ন বুরুসিকাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।