চট্টগ্রামে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বাদী তার বাবা জামাল উদ্দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ করেছে আদালত।
বুধবার (২০ মে) চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে ভার্চুয়ালি হাজির করা হয়। কারাগারে থাকা অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, ‘আলিফ হত্যা মামলায় তার (আলিফ) বাবা ষষ্ঠবারের মতো আদালতে জেরার জন্য উপস্থিত ছিলেন। তবে আসামি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী আবারও সময়ের আবেদন করেন। আদালত সেই আবেদন নাকচ করে পরবর্তী সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ জুন তারিখ নির্ধারণ করেন।’
২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনকে কেন্দ্র করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় অনুসারীরা পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে নগরের কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা
করেছিলেন। ২০২৫ সালের ২৫ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দিন মাহমুদের আদালতে শুনানি শেষে ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। বর্তমানে এই মামলায় ২৬ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ১৩ জন আসামি পলাতক।