রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন ২ উপ-উপাচার্য নিয়োগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি ও এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক আব্দুল আলীম ও ফার্মেসী বিভাগের অধ্যাপক মামুনুর রশীদ। একই সাথে বর্তমান উপ-উপাচার্য দ্বয়কে অব্যাহতি দিয়ে নিজ বিভাগে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) বিকালে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচীব সুলতান আহমেদ স্বাক্ষরিত চারটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক মামুনুর রশীদকে উপ-উপাচার্য (শিক্ষা) পদে এবং অধ্যাপক আব্দুল আলীমকে উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগের শর্তগুলো হলো- ১. তাদের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। ২. উপর্যুক্ত পদে তারা তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতনাদি পাবেন। ৩. তারা বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। ৪. তারা বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। ৫. মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এদিকে বর্তমান উপ-উপাচার্যদ্বয়ের নিয়োগ বাতিল প্রসঙ্গে দুই পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনের (ঙ) নং শর্তানুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৩(১) অনুযায়ী উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগপ্রাপ্ত মোহাম্মদ মইন উদ্দিন ও উপ-উপাচার্য(শিক্ষা) ফরিদ উদ্দিন খানকে উক্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। এ ছাড়াও প্রজ্ঞাপন তাদের নিজ বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাবের রাবি শাখার সভাপতি এবং উপ-উপাচার্য (প্রশাসন) শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি।

প্রসঙ্গত, গত ৫ আগস্টের পরে প্রশাসনিক কর্মকর্তারা পদত্যাগ করলে, তাদের জায়গায় নিয়োগপ্রাপ্ত হন অধ্যাপক মাঈন উদ্দিন ও অধ্যাপক ফরিদ উদ্দিন খান।