আঞ্চলিক উত্তেজনা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে পাকিস্তান। এ লক্ষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে তেহরানের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।
খবরে বলা হয়েছে, চলতি এক সপ্তাহের মধ্যে এটি নাকভির দ্বিতীয় তেহরান সফর। চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান এবং উভয় পক্ষকে আবারো আলোচনার টেবিলে আনতে সক্রিয় কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ।
এর আগে চলতি বছরের শুরুতে পাকিস্তানের উদ্যোগে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। এবারো দ্বিতীয় দফার সংলাপ আয়োজনের লক্ষ্যে পাকিস্তান বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের এই কূটনৈতিক তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এদিকে, নকভির তেহরান সফরের মধ্যেই ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী সতর্ক করে দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এই অঞ্চলের সীমানা ছাড়িয়ে আরও বিস্তৃত হবে। বাহিনীর ওয়েবসাইট সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘ইরানের ওপর আগ্রাসন পুনরায় ঘটলে প্রতিশ্রুত আঞ্চলিক যুদ্ধ এবার অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়বে এবং আমাদের ধ্বংসাত্মক আঘাত তোমাদের চূর্ণবিচূর্ণ করবে।’
এই হুঁশিয়ারি এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষাপটে। ট্রাম্প বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে স্থায়ী সমঝোতা না হলে ওয়াশিংটন আবারও ইরানে হামলা করতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ বন্ধে একদিকে যেমন উভয় পক্ষ হুমকির মাত্রা বাড়াচ্ছে, অন্যদিকে সমঝোতার প্রস্তাব বিনিময়ও করছে। গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
সূত্র: আরব নিউজ