দ্বিতীয় জিএম নর্ম অর্জন করলেন ফাহাদ

গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য দ্বিতীয় নর্ম অর্জন করলেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। বুধবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ফুবি একাডেমি নর্ম দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি একটি গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জন করেছেন। ৯ খেলায় ৭ পয়েন্ট সংগ্রহ করে তিনি জিএম নর্মের সব শর্ত পূরণ করেন।

ফাহাদ জানান, দীর্ঘ দেড় বছরের চেষ্টার পর এই নর্ম অর্জন করতে পেরে তিনি খুবই সন্তুষ্ট। এর আগে একই দেশে এক প্রতিযোগিতায় শেষ রাউন্ডে হেরে নর্ম মিস করেছিলেন। এবার শেষ রাউন্ডে ড্র করেই কাক্সিক্ষত সাফল্য পান।

গ্র্যান্ডমাস্টার হতে মোট তিনটি জিএম নর্ম ও ২৫০০ ফিদে রেটিং প্রয়োজন। ফাহাদের বর্তমানে দুটি জিএম নর্ম রয়েছে এবং তার রেটিং ২৪৫০। এর আগে তিনি ২০২৪ সালের মার্চে হ্যানয়ে অনুষ্ঠিত হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে প্রথম জিএম নর্ম অর্জন করেছিলেন। বর্তমানে বাংলাদেশের চারজন গ্র্যান্ডমাস্টারের মধ্যে কেবল নিয়াজ মোর্শেদ নিয়মিত দাবায় সক্রিয় রয়েছেন।

জিয়াউর রহমান ২০২৪ সালে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ চলাকালে মৃত্যুবরণ করেন। এছাড়া রিফাত বিন সাত্তার, আব্দুল্লাহ আল রাকিব এবং এনামুল হোসেন রাজীব বর্তমানে দাবায় কম সক্রিয়।