গাজা ত্রাণ ফ্লোটিল্লার সংগঠকদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

গাজায় ইসরায়েলের অবরোধ ভেঙে ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে পরিচালিত ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ বা ত্রাণ নৌবহরের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন অধিকার কর্মীকে নিষেধাজ্ঞার কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার মার্কিন অর্থমন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত ঘোষণা করেছে, যার মধ্যে ইউরোপে অবস্থানরত কয়েকজন অধিকার কর্মীও রয়েছেন।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, “আজকের এই নিষেধাজ্ঞা হামাসকে সহায়তাকারী তিনটি পক্ষকে লক্ষ্য করে আরোপ করা হয়েছে: প্রথমত, গাজায় পৌঁছানোর চেষ্টা করা হামাস সমর্থিত একটি ত্রাণ বহরের আয়োজকরা, দ্বিতীয়ত, হামাসপন্থি মুসলিম ব্রাদারহুড নেটওয়ার্কের সক্রিয় কর্মী, যারা সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করে এবং তৃতীয়ত, পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের (পিএফএলপি) ফ্রন্ট সংগঠন সামিদুনের সমন্বয়ক।”

এই নিষেধাজ্ঞার আওতায় পড়া বেশ কয়েকজন ফিলিস্তিনপন্থি কর্মী স্পেন ও বেলজিয়ামসহ বিভিন্ন ইউরোপীয় দেশে বাস করছেন। এদের মধ্যে অন্যতম হলেন বেলজিয়ামে বাস করা সামিদুন নেটওয়ার্কের ইউরোপীয় সমন্বয়ক মোহাম্মদ আল-খতিব।

বেলজিয়াম কর্তৃপক্ষ দুই বছর আগেই তার শরণার্থীর মর্যাদা বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছিল। সামিদুন মূলত ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির লক্ষ্যে কাজ করা একটি আন্তর্জাতিক সংহতি নেটওয়ার্ক। সামিদুনের দুই সদস্য আল-খতিব এবং জালদিয়া আবু বাকারর ওপর নিষেধাজ্ঞা আরোপ হয়েছে।

এছাড়া মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় আরও রয়েছেন সুমুদ ফ্লোটিলার সঙ্গে যুক্ত অধিকারকর্মী সাইফ আবু কেশেক। সম্প্রতি গ্রিস উপকূলের কাছাকাছি এলাকা থেকে ইসরায়েলি বাহিনী তাকে আটক করে কারাবন্দি করেছিল এবং পরবর্তীতে তাকে স্পেনের বার্সেলোনায় বিতাড়িত করা হয়।

নিষেধাজ্ঞা কবলিত আরও একজন হচ্ছেন ‘পপুলার কনফারেন্স ফর প্যালেস্টিনিয়ানস অ্যাব্রড’ (পিসিপিএ)- সংগঠনের সেক্রেটারি জেনারেল হাশিম আবু মাহফুজ।

২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে গাজা উপত্যকা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ত্রাণ প্রবেশে ইসরায়েলের বাধার কারণে অঞ্চলটি মারাত্মক প্রয়োজনীয় সামগ্রীর সংকটে ভুগছে।

এই দীর্ঘকালীন ইসরায়েলি অবরোধ ভাঙার জন্য এর আগেও বেশ কয়েকটি ত্রাণবাহী জাহাজ গাজা অভিমুখে যাওয়ার চেষ্টা করেছে।