বজ্রবিদ্যুৎসহ তিন জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা

বজ্রবিদ্যুৎসহ  তিন জেলায় আজ বৃহস্পতিবার (২১ মে) বজ্রবিদ্যুৎসহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (২০ মে)  সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ সব তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়,  রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নোয়াখালীর রামগতিতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  এসময় দেশে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টি রেকর্ড করা হয়েছে সিলেটে ১০৪ মিলিমিটার। 

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা হিসেবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া পর্যালোচনায়: ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে হালকা বর্ষণ। ১১ থেকে ২২ মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত হলো মাঝারি ধরনের বর্ষণ।  ২৩ থেকে ৪৩ মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে মাঝারি ধরনের ভারি বর্ষণ। ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে ভারি বর্ষণ এবং ৮৮ মিলিমিটার থেকে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে  অতি ভারি বর্ষণ।