ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত: খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। এই দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

স্থানীয় ও রেলওয়ে সূত্র জানায়, বুধবার (২০ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কোটচাঁদপুর স্টেশন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। খুলনা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন ওই এলাকা পার হওয়ার সময় হঠাৎ রেললাইন বসে যায়, যার ফলে ট্রেনের বগি লাইনচ্যুত হয়।

কোটচাঁদপুর স্টেশন মাস্টার নয়ন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গভীর রাতে দুর্ঘটনার পর পরই রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। ইতিমধ্যে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।