নারায়ণগঞ্জ সদরে একটি রোলিং মিল কারখানায় ভাট্রির আগুনে চার শ্রমিক দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পাগলা রসুলপুর এলাকায় সিএসআরএম রোলিং মিল কারখানায় বুধবার (২০মে) এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, মিজান (৪০), সুমন (৩৩), মিলন (৩৫) ও উজ্জল (৩২)।
কারখানার শ্রমিকরা জানায়, দুপুরে ভাট্টিতে ময়লা লোহা আগুনে গলানোর সময় বিস্ফোরণ ঘটে। এসময় আগুনের ফুলকি এসে চার শ্রমিকের শরীরে পড়ে বিভিন্ন স্থান পুড়ে যায়। এ সময় তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানান, মিলন,উজ্জল, মিজানের ৩ শতাংশ করে ও সুমন ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।
এবিষয়ে মালিক পক্ষের কারো বক্তব্য পাওয়া না গেলেও শ্রমিকরা জানায়, পুরাতন ময়লা লোহা পোড়ানোর সময় এমন ঘটনা প্রায় সময় ঘটে। ভাট্রিতে এ বিস্ফোরণের আগুন বাহিরে ছড়ায় না। এজন্য ফায়ার সার্ভিসে জানানো হয় না।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, বিষয়টি আমাদের জানা নেই। তবে পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নেওয়া হবে।