ইরান পরিস্থিতি এখন ‘বর্ডারলাইনে’, যেকোনো মুহূর্তে হামলার প্রস্তুতি ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান আলোচনা এখন অত্যন্ত স্পর্শকাতর ও অনিশ্চিত এক ‘বর্ডারলাইনে’ (সীমান্তরেখা) এসে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতি থেকে হয় মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে একটি স্থায়ী সমঝোতা তৈরি হবে, না হলে ইরানের ওপর আবারও মার্কিন হামলা শুরু হতে পারে।

ওয়াশিংটনের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এই বিস্ফোরক মন্তব্য করেন। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ সাময়িকভাবে স্থগিত রেখে আলোচনার সুযোগ দিলেও, সাম্প্রতিক সময়ে ট্রাম্পের পক্ষ থেকে বেশ কিছু ভিন্নধর্মী ও মিশ্র বার্তা পাওয়া গেছে। তিনি যেমন একদিকে চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করছেন, ঠিক তেমনি অন্যদিকে কঠোর সামরিক ব্যবস্থার হুমকিও বজায় রেখেছেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বিশ্বাস করুন, পরিস্থিতি এখন একেবারে বর্ডারলাইনে আছে।’ মার্কিন প্রশাসনের চাওয়া অনুযায়ী সন্তোষজনক সাড়া না পেলে যুক্তরাষ্ট্র বসে থাকবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যদি সন্তোষজনক জবাব না পাই, তাহলে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আমাদের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত। আমরা এমন একটি জবাব চাই, যা শতভাগ সন্তোষজনক হবে।’

প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, ইরান যদি শেষ পর্যন্ত একটি বাস্তবসম্মত সমঝোতায় আসতে রাজি হয়, তবে মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ সময়, শক্তি এবং সম্ভাব্য প্রাণহানি এড়ানো সম্ভব হবে। এই চুক্তিটি অত্যন্ত দ্রুত, এমনকি আগামী কয়েক দিনের মধ্যেও সম্পন্ন হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতেই ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি ইরানের ওপর পুনরায় সামরিক হামলা চালানোর নির্দেশ দেওয়ার একেবারে শেষ প্রান্তে- মাত্র এক ঘণ্টা দূরে ছিলেন। তবে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি মিত্র দেশের বিশেষ অনুরোধে গত মঙ্গলবার (১৯ মে) পরিকল্পিত সেই হামলাটি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেন তিনি। বিশ্বজুড়ে এখন মূল আলোচনার কেন্দ্রবিন্দু, ইরান শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের শর্ত মেনে সমঝোতায় আসে নাকি মধ্যপ্রাচ্য নতুন কোনো সংঘাতের দিকে ধাবিত হয়।

তথ্যসূত্র: দ্য ডন