গোপালগঞ্জে আলামীন শেখ নামে এক রিকশাচালকের পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাড়ির এক কেয়ারটেকারের বিরুদ্ধে। গোপালগঞ্জ শহরের মধ্য মিয়াপাড়ার শরীফ লিটন সড়কের একটি বাড়ির কেয়ারটেকার মো. কামরুল ঠাকুরের রুমের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আল আমিন শেখ (৩০) গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের মৃত ফায়েক শেখের ছেলে।
স্থানীয়দের বরাতে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ জানান, বাড়ির কেয়ারটেকার মো. কামরুল ঠাকুরের গ্যারেজের ব্যাটারিচালিত রিকশা ভাড়ায় চালাতো আল আমিন শেখ। দুইদিন আগে ওই গ্যারেজ থেকে একটি রিকশা চুরি হলে আল আমিন চুরি করেছে বলে সন্দেহ করা হয়। পরে বুধবার রাতে আল আমিনকে ওই বাসায় আটকে রেখে মারধর করা হয়। এসময় আল আমিনের মাকে গ্রামের বাড়ি থেকে ডেকে আনা হলে তিনি ঘরের দরজা বন্ধ পান। পরে তিনি ডাকাডাকি করলে অভিযুক্ত কামরুলের ছেলে দরজা খুলে দিলে ভেতরে ঢুকে বাথরুমের মধ্যে ছেলেকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে কেয়ারটেকার মো. কামরুল ঠাকুর পলাতক রয়েছে।