যশোর ঝিকরগাছায় একটি বাঁশ বাগান থেকে আবু হুরাইরা মিম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার (২১ মে) ভোরে যশোর-বেনাপোল মহাসড়ক পাশে একটি বাড়ির বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবু হুরাইরা মিম (২৫) পৌর সদরের কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমান ওরফে মশির বড় ছেলে। তার ২১ দিনের এক ছেলেসহ দুইটি কন্যা সন্তান রয়েছে।
নিহতের মামাতো ভাই মারুফ জানান, মশিউর মাঝে কিছুদিন ইজিবাইক চালালেও বর্তমানে সে বেকার ছিল। কারো সঙ্গে তার শত্রুতা ছিল না। কেন, কি কারণে, কারা তাকে হত্যা করেছে সেটা বলা যাচ্ছে না। ভোরে লোকমুখে শুনে এসে দেখি তার মরদেহ পড়ে আছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পৌরসভার সীমানা পিলারের নিচের নয়ন ঝিলে একটি মরদেহ পড়ে আছে শুনে আমি সহ পুলিশের একটি টিম গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করি এবং ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেই।
এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।