শিশু রামিসা হত্যাকারীর কঠোর শাস্তি নিশ্চিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা হত্যার নির্মম ও লোমহর্ষক ঘটনায় ক্ষোভ, শোক আর তীব্র প্রতিবাদের আগুন জ্বলছে দেশের ক্রিকেটপাড়ায়। এই হৃদয়বিদারক হত্যাকাণ্ডের বিচার এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একযোগে গর্জে উঠেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা।

ঘটনার নৃশংসতায় সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবিধান পরিবর্তনের দাবি জানিয়েছেন অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েস। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি খোলা চিঠি লিখেছেন তিনি, ‘আসসালামু আলাইকুম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিনীত অনুরোধ—এ দেশটি আপনি সেভ করুন। এই দেশে আর কোনো শিশুই নিরাপদ নয়। কিছু মানুষ হিংস্র পশুর থেকেও বেশি হিংস্র হয়ে গেছে, এবং যারা সমাজে এসব কাজে লিপ্ত, তাদের জন্য আপনি সংবিধান পরিবর্তন করে কঠোর শাস্তি, ফাঁসি অথবা জনসমক্ষে পাথর নিক্ষেপের একটি আইন পাশ করুন। বিচারব্যবস্থা এমন করুন যাতে কেউ আর সাহস না পায় এ ধরনের জঘন্য কাজ করতে। এসব মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বিষয়ে সংবিধান পরিবর্তন করুন- এই দেশের প্রতিটি দলের মানুষ এই কাজের জন্য আপনার পাশে থাকবে, ইনশাআল্লাহ।’

ঘটনার তীব্রতায় নিজের জয় উদ্‌যাপনের আনন্দ মাটি হয়ে যাওয়ার কথা উল্লেখ করে পেস তারকা শরিফুল ইসলাম লিখেছেন, ‘জয়ের আনন্দ এখনো আছে কিন্তু মনটা বিষণ্ন, হতাশ। কী দোষ ছিল এই ছোট্ট শিশুর? আমরা কবে এসব থেকে মুক্ত হবো? রামিসা হত্যার বিচার চাই। ধর্ষণ যারা করে তাদের এমন উপযুক্ত শাস্তি চাই, যেন পরেরবার কেউ এই ঘৃণিত কাজ করার চিন্তাও করতে পারে না। সবাই মিলে কবে আমরা একটা দেশ হয়ে উঠব?’

অন্যায়ের বিরুদ্ধে চুপ না থাকার বার্তা দিয়ে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব নিজের পোস্টে লিখেছেন, ‘কোনো শিশুরই এমন ভয়াবহ নিষ্ঠুরতার মুখোমুখি হওয়া উচিত নয়। চুপ করে থাকা কোনো সমাধান হতে পারে না। আমরা বিচার চাই, জবাবদিহিতা চাই এবং শিশুদের জন্য আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা চাই।’ বার্তার শেষে তিনি #JusticeForRamisa হ্যাশট্যাগ ব্যবহার করে এই প্রতিবাদে সংহতি জানান।

এর আগে খবরটি শুনে পুরোপুরি স্তব্ধ ও হতবাক হয়ে যাওয়ার কথা জানান অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, 

‘ছোট্ট রামিসার প্রাপ্য ছিল নিরাপত্তা, ভালোবাসা ও সুরক্ষা—এমন ভয়াবহ নিষ্ঠুরতা নয়। এই নিষ্পাপ শিশুর জন্য দ্রুত ও সঠিক বিচার চাই। কোনো পরিবার যেন এমন যন্ত্রণা সহ্য করতে না হয়। শিশুদের বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।’

সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালও সামাজিক যোগাযোগমাধ্যমে এই জঘন্য হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। 

লিটন দাস লিখেছেন, '

'এক কন্যাসন্তানের অভিভাবক হিসেবে, রামিসার খবরটি শোনা অত্যন্ত উদ্বেগজনক এবং হৃদয়বিদারক। 

​কোনো সভ্য সমাজেই এটা মেনে নেওয়া যায় না। আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ পৃথিবী আমাদের সবার প্রাপ্য, যেখানে তারা কোনো ভয় ছাড়াই বড় হতে পারবে।

​যেকোনো অন্যায়েরই সঠিক বিচার হওয়া উচিত—আর রামিসার ক্ষেত্রে, কোনো রকম বিলম্ব ছাড়াই অবিলম্বে বিচার নিশ্চিত করতে হবে।

​রামিসার বিচারের দাবিতে আমরা যখন একজোট হয়ে দাঁড়িয়েছি, তখন আসুন উচ্চকণ্ঠে এবং পরিষ্কারভাবে বলি: এই ধরনের জঘন্য অপরাধের জন্য সর্বোচ্চ ও কঠোরতম শাস্তি হওয়া উচিত। আমরা আর কখনোই এমন কোনো নির্মমতার সাক্ষী হতে চাই না।'

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান লিখেছেন, ‘আমরা এমন এক সমাজ চাই, যেখানে প্রতিটি শিশু নিরাপদে হাসতে পারবে, ভয় নয়, স্বপ্ন নিয়ে বড় হবে। আর কোনো রামিসার জীবন যেন এভাবে থেমে না যায়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আর দোষীদের এমন শাস্তি হোক যা সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে।’