গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চাকরি ও সরকারি রিলিফের কার্ড পাইয়ে দেওয়ার নামে অসহায় গ্রামবাসীদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মনোজ কুমার বালার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২১ মে) ছোট ডোমরাসুর গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযুক্তের ছোট ভাই মিঠুন বালা ও বাবা মনিন্দ্রনাথ বালাও এ অভিযোগ করেন।
ভুক্তভোগীরা জানান, মনোজ কুমার বালা দীর্ঘদিন ধরে এলাকার সহজ-সরল ও অসহায় মানুষদের সরকারি চাকরি এবং বিভিন্ন ধরনের কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিলেন। তার এই ফাঁদে পা দিয়ে এলাকার বহু মানুষ তাদের কষ্টার্জিত টাকা তার হাতে তুলে দেন। কিন্তু পরবর্তীতে চাকরি বা রিলিফের কার্ড কোনোটিই না দিয়ে তিনি সেই টাকা সম্পূর্ণ আত্মসাৎ করেন। টাকা ফেরত চাইলে উল্টো তিনি হুমকি ধামকি দেন তিনি । এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান তারা। তারা প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি ও আত্মসাৎ করা টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।
এছাড়া ভুক্তভোগী ও এলাকাবাসী প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। অবিলম্বে তারা এই প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জালিয়াতি করে হাতিয়ে নেওয়া টাকা দ্রুত উদ্ধারের জোর দাবি জানান।