জামায়াতপন্থীদের বর্জন 

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনের ভোট চলছে

জামায়াতপন্থীদের বর্জনের মধ্য দিয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট মো. সেলিম উদ্দিন জানান, দুপুর দেড়াটায় পর্যন্ত সাড়ে ৪ হাজার ভোটারের মধ্যে প্রায় ৭০০ ভোট কাস্ট হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভোট বর্জনের বিষয়ে জামায়াতপন্থী চট্টগ্রাম ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুল আলম জানান, ২০২৬ সালের সমিতির নির্বাচনে বৈধ প্রার্থী তালিকায় থাকা আমাদের ১২ প্রার্থীও নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আমরা আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলাম। কারণ, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। একটি পক্ষের এজেন্ডা বাস্তবায়নের জন্য নির্বাচন আয়োজন করা হচ্ছে। এর প্রতিবাদে আমরা গত ৫ মে থেকে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছি।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য  অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ দিদার উদ্দীন  বলেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ১৩৩ বছরের ইতিহাসে কখনো ভোটবিহীন বা অটো কমিটি গঠনের নজির নেই। অতীতেও, এমনকি করোনাকালেও, সমিতিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু গত বছরের ধারাবাহিকতায় এবারও নির্বাচন কমিশন ‘পাতানো ও একতরফা’ নির্বাচনের ভোট চলছে।