গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব

গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনালীস্বপ্ন একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে একাডেমি চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ফল উৎসবের সূচনা করা হয়। পরে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে মৌসুমি ফল তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নাজমুল ইসলাম। 

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। ফল উৎসবে দেশীয় মৌসুমি ফলের মধ্যে ছিল আম, লিচু, জামরুলসহ বিভিন্ন ফল।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নাজমুল ইসলাম এবং শিক্ষার্থীরা মৌসুমি ফলের গুণাগুণ তুলে ধরে বলেন, মৌসুমি ফল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কিন্তু অজ্ঞতার কারণে আমরা বিদেশি ফলের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছি। তাই সকলের উচিত দেশীয় মৌসুমি ফল বেশি করে খাওয়া।

আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের ফল উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।