গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেছেন, গোপালগঞ্জের কোনো চলমান উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গোপালগঞ্জের তিন সংসদ সদস্য আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রণালয়কে গোপালগঞ্জের উন্নয়ন কার্যক্রমের জন্য বিশেষ বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন। জেলার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রায় সাড়ে তিনশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২১ মে) গোপালগঞ্জ জেলা শহরের পাঁচুড়িয়া খালের ওপর বহুল প্রত্যাশিত পাঁচুড়িয়া ব্রিজ নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি ডা. কে এম বাবর বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নতুন নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। আমরা নির্বাচিত হওয়ার পর মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনছি এবং সেগুলোর সমাধানে কাজ করছি। একটি সুন্দর ও বাসযোগ্য গোপালগঞ্জ গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
অনুষ্ঠানে গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার মণ্ডল, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান বেনো ও জিয়াউল কবির বিপ্লব, বিএনপি নেতা মাহাবুব আলী সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ২৫ দশমিক ৭৪ মিটার দৈর্ঘ্য ও ১৩ দশমিক ২৫ মিটার প্রস্থের ব্রিজটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৪০ লাখ টাকা। নির্মাণকাজ শেষ হলে গোপালগঞ্জ শহর ও আশপাশের এলাকার মানুষের যাতায়াতে সুবিধা হবে।
উল্লেখ্য, পূর্ববর্তী সরকারের সময়ে রাস্তা প্রশস্তকরণ প্রকল্পের অংশ হিসেবে পুরোনো সড়কটি ভেঙে ফেলা হয়। পরে বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন ধরে ব্রিজ নির্মাণকাজ বন্ধ ছিল।