আনসার চ্যাম্পিয়ন

জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতার পুরুষ ও নারী দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। বৃহস্পতিবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত দুই দিনব্যাপী প্রতিযোগিতা শেষে মহিলা বিভাগে বাংলাদেশ আনসার দলের মেয়েরা ৯টি স্বর্ণ ও ১টি রৌপ্যসহ ১০টি পদক জিতে সেরা হয়।

এই বিভাগে প্রথম রানার্সআপ দল বাংলাদেশ পুলিশ পেয়েছে একটি স্বর্ণ, আটটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক। দ্বিতীয় রানার্স আপ হওয়া বাংলাদেশ ভিডিপি দল পেয়েছে ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ৪টি পদক। অন্যদিকে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার দলের ছেলেরা পেয়েছে ৬টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ ১০টি পদক। প্রথম রানার্সআপ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পেয়েছে ৩টি করে স্বর্ণ ও রৌপ্য এবং ৪টি ব্রোঞ্জসহ ১০টি পদক। দ্বিতীয় রানার্সআপ বাংলাদেশ পুলিশ অর্জন করে ১টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ ৭টি পদক। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান।