চিটাগাং চেম্বারের ভোট স্থগিত

ভোটের মাত্র দুই দিন আগে চট্টগ্রামের ব্যবসায়ীদের শতবর্ষী সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনের উপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এসএম নুরুল হক ও একই প্যানেলের পরিচালক পদপ্রার্থী মো. আজিজুল হকের দায়ের করা একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার হাইকের্টের একটি বেঞ্চ এ আদেশ দেয়। আগামীকাল এ নির্বাচন হওয়ার কথা ছিল। রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার আশফাকুর রহমান স্থগিতাদেশের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, চেম্বার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক (স্থানীয় সরকার বিভাগ) মনোয়ারা বেগমের স্বাক্ষরে গত ১৮ মে জারি করার নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের বেঞ্চে এ রিট পিটিশন দায়ের করা হয়।