ধর্ষক আটকের সময় সংঘর্ষ দুই সাংবাদিক গুলিবিদ্ধ

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসামিকে আটক করে আনার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ করে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানঘাটা আবু জাফর রোড এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল থেকে রাত ৯টার পর্যন্ত রাস্তায় অবস্থান নিয়ে স্থানীয় জনতা পুলিশের গাড়ি আটকে রাখে। এ সময় জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে দুই সাংবাদিক গুলিবিদ্ধ হন।

পুলিশ জানায়, চেয়ারম্যানঘাটা এলাকায় একটি ডেকোরেশনের কর্মচারী চার বছরের ওই শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনায় জড়িত ডেকোরেশনের কর্মচারীকে আটক করে। কিন্তু থানায় আনার পথে বিক্ষুব্ধ লোকজন পুলিশের গাড়ি আটকে দেয়।

বাকলিয়া থানার ওসি জানান, ‘ঘটনাস্থলে যাওয়ার আগ থেকেই স্থানীয়রা ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। আটক ব্যক্তি হেফাজতে আছেন’।

এদিকে এ ঘটনার সংবাদ পরিবেশন করতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয়ছেন দুই সাংবাদিক। তারা হলেন চট্টগ্রাম প্রতিদিনের মামুন আবদুল্লাহ ও নোবেল হাসান।