আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ‘ট্রাম্প’

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে বাংলাদেশে একটি অ্যালবিনো (জন্মগত জেনেটিক ত্রুটি) মহিষকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। নারায়ণগঞ্জের একটি খামারে থাকা বিরল অ্যালবিনো মহিষটির মাথাভর্তি সোনালি চুল থাকায় এর নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। ইতিমধ্যে দেশের একাধিক গণমাধ্যমের প্রতিবেদন জায়গা করে নিয়েছে মহিষটি। এবার দেশের গ-ি ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে পৌঁছে গেছে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প। গতকাল ভাইরাল এই মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি, দ্য স্ট্রেইটস টাইমস, দ্য ইকোনমিক টাইমসসহ একাধিক গণমাধ্যম। পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা প্রায় ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ কৌতূহলবশত ছুঁয়ে দেখার চেষ্টা করছেন।

মহিষটির মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা বার্তা সংস্থাটিকে বলেন, মহিষটির মাথাভর্তি সোনালি চুল দেখে তার ছোট ভাই এই নামটি রাখেন। কারণ, এর মাথার সোনালি চুল অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচিত হেয়ারস্টাইলের সঙ্গে মিলে যায়। তার খামারে মে মাসজুড়ে কৌতূহলী দর্শনার্থীদের ভিড় লেগেই আছে। সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা পাওয়ার পর শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ মহিষটিকে দেখতে আসছেন। তবে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ে মহিষটির ওজন কমে গেছে বলে জানান মালিক। এজন্য এখন খামারে প্রবেশে কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি তাদের প্রতিবেদনের শিরোনাম দেয়, ‘কমান্ডার-ইন-বিফ : বাংলাদেশ’স ‘ডোনাল্ড ট্রাম্প’ বাফেলো উইনস ফ্যানস। সেখানে বলা হয়, বাংলাদেশে মানুষ এখন এই মহিষের সঙ্গে ছবি তুলতে ভিড় করছে। এমনকি, কেউ কেউ এক ঘণ্টার নৌভ্রমণ করেও এটি দেখতে এসেছেন। সিঙ্গাপুরভিত্তিক সংবাদপত্র দ্য স্ট্রেইটস টাইমসও এএফপির প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, ঈদুল আজহার আগে বাংলাদেশে এই মহিষ সামাজিক মাধ্যমের তারকায় পরিণত হয়েছে। দ্য ইকোনমিক টাইমস তাদের প্রতিবেদনে লিখেছে, বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প মহিষ’ এখন ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর মানুষ দূরদূরান্ত থেকে মহিষটিকে দেখতে আসছেন। দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, শুধু ‘ডোনাল্ড ট্রাম্প’ নয়, একই এলাকায় ‘বেনিয়ামিন নেতানিয়াহু’ নামের আরেকটি মহিষও ভাইরাল হয়েছে। দর্শনার্থীদের কাছে এই দুটি মহিষ এখন বিশেষ আকর্ষণ। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এই ঘটনা নিয়ে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এএফপির ছবিগুলো পোস্ট করেছে। সেই সঙ্গে এএফপির প্রতিবেদনের একটি অংশ ফটো পোস্টটির ক্যাপশনে দিয়েছে।