দেশসেবা ও সমুদ্রজয়ের প্রত্যয়

নৌবাহিনীতে শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক

জাতীয় পতাকার প্রতি আনুগত্য, দেশরক্ষার অঙ্গীকার এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ়প্রত্যয় নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন এ-২০২৬ ব্যাচের ৪৪১ জন নবীন নাবিক। পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত মনোজ্ঞ শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান নবীন নাবিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সততা, শৃঙ্খলা, আনুগত্য ও মূল্যবোধকে ধারণ করে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। তিনি নবীন নাবিকদের সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকারও নির্দেশনা প্রদান করেন।

নৌবাহিনীর এ-২০২৬ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো. শাহরিয়ার টুটুল পেশাগত ও সব বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। এ ছাড়া মো. সামিউল ইসলাম শাকিল দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং মো. কাদের মিয়া তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন। একই সঙ্গে সেরা চৌকস মহিলা নাবিক হিসেবে মোছা. মারিয়া আক্তার ‘প্রীতিলতা ওয়াদ্দেদার’ পদক অর্জন করেন।