ইউক্রেনের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য প্রায় ১০ কোটি ৮১ লাখ ডলার মূল্যের হক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (২১ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, এই সম্ভাব্য চুক্তির আওতায় ইউক্রেনকে হক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও কার্যকারিতা ধরে রাখতে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হবে। চুক্তিটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ১০৮ দশমিক ১ মিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতেই ওয়াশিংটনের এই পদক্ষেপ। হক একটি মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রুপক্ষের বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত হয়।

যুক্তরাষ্ট্র এর আগেও ইউক্রেনকে হক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সহায়তা দিয়েছে। ২০২৪ সালে ওয়াশিংটন প্রায় ১৩ কোটি ৮০ লাখ ডলারের জরুরি সহায়তা অনুমোদন করেছিল, যার আওতায় হক সিস্টেমের সংস্কার, যন্ত্রাংশ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়।

এছাড়া ২০২৫ সালে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য হক ফেজ-৩ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির আরও একটি সম্ভাব্য চুক্তি অনুমোদন করেছিল, যার মূল্য ছিল প্রায় ১৭ কোটি ২০ লাখ ডলার।

সাম্প্রতিক এই অনুমোদন এখনো চূড়ান্ত চুক্তি নয়। মার্কিন কংগ্রেসের অনুমোদনসহ আরও কয়েকটি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এটি কার্যকর হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।