তালেবানের নতুন আইনে বাল্যবিবাহ বৃদ্ধির আশঙ্কা

আফগানিস্তানে তালেবান সরকারের নতুন একটি আইন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার (২১ মে) জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) জানায়, বিবাহ বিচ্ছেদসংক্রান্ত নতুন এই আইনের কিছু ধারা শিশুবিবাহকে পরোক্ষভাবে বৈধতা দেয় এবং নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য আরও বাড়িয়ে তুলতে পারে।

সম্প্রতি আফগানিস্তানের বিচার মন্ত্রণালয় ‘ডিক্রি নম্বর ১৮’ নামে নতুন আইন প্রকাশ করে। এতে বলা হয়েছে, বয়ঃসন্ধিতে পৌঁছানো কোনো মেয়ের নীরবতাকে বিয়েতে সম্মতি হিসেবে ধরা যেতে পারে। এছাড়া বাল্যবিবাহের শিকার কিশোরীদের বিচ্ছেদের বিধানও এতে রাখা হয়েছে, যা শিশুবিবাহ অনুমোদনের ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেছে জাতিসংঘ। 

সহায়তা মিশন বলেছে, এই আইন নারীদের অধিকার ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সুযোগকে আরও সীমিত করবে। বিশেষ করে পুরুষদের তুলনায় নারীদের জন্য বিবাহ বিচ্ছেদ অনেক কঠিন করে তোলা হয়েছে।

তবে তালেবান সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সরকারের মুখপাত্র জাবিদুল্লাহ মুজাহিদ বলেন, আইনটি ইসলামী শরিয়াহ অনুযায়ী করা হয়েছে এবং জোরপূর্বক বিয়ে আগেই নিষিদ্ধ করা হয়েছে।

২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকেই আফগান নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে নানা বিধিনিষেধ আরোপ করেছে তালেবান সরকার, যা নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা অব্যাহত রয়েছে।