যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে উত্তাল গ্রিনল্যান্ড

যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের প্রচেষ্টার বিরুদ্ধে গ্রিনল্যান্ডের রাজধানী নুকে শত শত মানুষ বিক্ষোভ করেছে। শুক্রবার (২২ মে) নতুন মার্কিন কনস্যুলেট ভবনের বাইরে 'না মানে না' এবং 'গ্রিনল্যান্ড শুধুমাত্র  গ্রিনল্যান্ডবাসীদের জন্য' স্লোগান দেন তারা।  দেশটিতে নতুন মার্কিন কনস্যুলেট ভবন উদ্বোধনের মধ্যেই এই উত্তেজনা আরও বাড়ে।

প্রায় ৩,০০০ বর্গমিটারের এই ভবনকে অনেকে 'ট্রাম্প টাওয়ারস' নামে ডাকছেন।বিক্ষোভকারীরা ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ডে প্রভাব বাড়ানোর প্রচেষ্টার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে রাস্তায় নামেন।

গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত অঞ্চল।সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জেফ ল্যান্ড্রি গ্রিনল্যান্ড সফর করেন এবং দ্বীপটির সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা চালান। তার এই সফরকে অনেকেই অস্বস্তিকর হিসেবে দেখেছেন বিক্ষোভের আয়োজক আক্কালুক্কুলুক ফন্টেইন বলেন, 'আমাদের সরকার যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়।'

স্থানীয়রা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা বলায় উদ্বেগ তৈরি হয়েছে।  বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে শহরের কেন্দ্র দিয়ে মিছিল করে কনস্যুলেটের সামনে নীরব প্রতিবাদ জানান। স্থানীয় রাজনীতিবিদদের অনেকেই অনুষ্ঠান বর্জন করেন। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।