মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নে নসিমন গাড়ি চলাচলকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে মারধর ও ধারালো চাপাতির কোপে সালাউদ্দিন খান (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) বেলা সাড়ে ১১টায় মস্তফাপুর ইউনিয়নের মুন্সিবাড়ি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। আহত সালাউদ্দিন খান উপজেলার নওহাটা গ্রামের মৃত্তিকা শ্রমিক ও নসিমন চালক। তিনি মো. লাল খানের ছেলে।
স্থানীয় ও আহতের স্বজনরা জানায়, সালাউদ্দিন খান নসিমন গাড়ি নিয়ে ঢালাইয়ের কাজে যাওয়ার উদ্দেশ্যে মুন্সিবাড়ি সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সাইড দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে রকিব খালাশি ও আকাশ খালাশির সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে সালাউদ্দিনের ওপর হামলা চালায়। পরে রকিব খালাশির হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে সালাউদ্দিনের ডান হাতে কোপ দিলে তিনি আহত হন।
পরে স্থানীয়রা তাকে মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।
আহতের স্বজনরা বলেন, সামান্য সাইড দেওয়াকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।