নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় জামায়াতের নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন শুক্রবার( ২২ মে) দেয়া এক বিবৃতি তিনি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘আজ ২২ মে বাদ জুমআ ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি ও উদ্বেগ প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তাই বলে ভিন্নমতের কারণে হামলা, সহিংসতা ও অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে সহিংসতা, উসকানি ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। প্রত্যেক রাজনৈতিক নেতা ও কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

তিনি বলেন, আমি দেশের রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ ও সহনশীল রাখার জন্য সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও সচেতন নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি।’