দেশের গণতন্ত্রকে সুসংহত করতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে বেগম খালেদা জিয়া দেশের ইতিহাসে অনন্য ও কালজয়ী দৃষ্টান্ত হয়ে থাকবেন।
শুক্রবার (২২ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘দেশনেত্রী’ শীর্ষক একটি বিশেষ বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই বিশেষ বর্ষপঞ্জিটি প্রকাশ করেছে ‘ছবির গল্প’ নামক একটি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে জানানো হয়, ‘ছবির গল্প’-এর প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের ক্যামেরায় ধারণ করা আলোকচিত্র এবং ‘ছবির গল্প’ টিমের লেখনীর মাধ্যমে এই বর্ষপঞ্জিটি তৈরি করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য কর্মময় জীবনের বিশেষ ১২টি দিক ফুটিয়ে তোলা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বেগম খালেদা জিয়াকে তার রাজনৈতিক অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব বিকাশে তিনি ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং তাতে বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে, বাংলাদেশে গণতন্ত্রের স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে আরও বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা-৪ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। এছাড়া, ‘ছবির গল্প: সবার আগে দেশপ্রেম’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বাংলাদেশের প্রাণ তারেক রহমান’ শীর্ষক একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ‘ছবির গল্প’-এর উপদেষ্টা সম্পাদক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড. আহমেদ মোস্তফা নোমান এবং সংগঠনের সমন্বয়ক সাদমান সাকিব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নূরুল হক নুর, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা ও দীপিকা বিনতে হোসাইনসহ ‘ছবির গল্প’ টিমের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে বর্ষপঞ্জিটির মোড়ক উন্মোচন করেন এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।