চীনে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৮

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অন্তত আটজন শ্রমিক নিহত হয়েছেন। আরও ৩৮ জন শ্রমিক মাটির নিচে আটকা পড়েছেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় এই বিস্ফোরণ ঘটে। এ সময় খনিটিতে প্রায় ২৪৭ শ্রমিক ছিলেন।

সিনহুয়ার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (২৩ মে) সকাল ৬টার মধ্যে অন্তত ২০০ শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

বিস্ফোরণের কারণ তদন্তাধীন রয়েছে। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা এবং দুর্ঘটনার কারণ তদন্তের পাশাপাশি দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

শানসি প্রদেশ চীনের প্রধান কয়লা খনির প্রদেশ হিসেবে পরিচিত। এই প্রদেশটির আয়তন গ্রীসের চেয়েও বড়। এখানে প্রায় ৩ কোটি ৪০ লাখ লোকের বসবাস। গত বছর প্রদেশটিতে ১ দশমিক ৩ বিলিয়ন টন কয়লা উত্তোলন করা হয়েছে, যা চীনের মূল উৎপাদনের এক তৃতীয়াংশ।

তবে শানসি প্রদেশের খনি শিল্পের নিরাপত্তা অত্যন্ত দুর্বল। সাম্প্রতিক বছরগুলোতে প্রদেশটিতে কয়লা খনিতে হাজার হাজার দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে।