সরকারি চাকরিজীবী, শিক্ষক, পুলিশ ও বিচার বিভাগসহ মাঠ প্রশাসনের কর্মীদের জন্য নবম জাতীয় পে স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে নবম পে স্কেলের রূপরেখা নির্ধারণে গঠিত উচ্চপর্যায়ের সচিব কমিটির গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এবারের নতুন পে স্কেলে কেবল সরাসরি সরকারি চাকরিজীবীরাই নন, বরং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রেও একটি সমন্বিত ও সুনির্দিষ্ট নির্দেশনা আসার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
সচিবালয়ের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, প্রস্তাবিত নবম পে স্কেলে মূলত নিচের স্তরের কর্মচারীদের বেতন কাঠামো ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধির বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। সেই তুলনায় ওপরের স্তরের কর্মকর্তারা কিছুটা কম সুবিধা পেতে পারেন।
সরকারি চাকুরিজীবীদের পাশাপাশি শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন এবং বিচার বিভাগের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এই নতুন বেতন স্কেলের সরাসরি আওতাভুক্ত থাকবেন।
এছাড়া দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য ও অসঙ্গতি দূরীকরণে এই স্কেলে বিশেষ ও সুনির্দিষ্ট সুপারিশ রাখা হচ্ছে।