বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ ২৩ মে শনিবার। ফ্রান্সের কান শহরে ১২ মে থেকে শুরু হওয়া এই ১২ দিনব্যাপী উৎসবে ২২টি চলচ্চিত্র সর্বোচ্চ পুরস্কার 'পাম দ্য'র'-এর জন্য প্রতিযোগিতা করেছে। সমাপনী ছবি ‘ইউলিসিস’ প্রদর্শনের মাধ্যমে আজ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
এদিকে শেষবেলায় কানের মঞ্চ কাঁপালেন ঐশ্বরিয়া রায় বচ্চন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় দেখা মিলল ঐশ্বরিয়া রাই বচ্চনের। এ বছর শুরু থেকেই ভক্তদের মধ্যে ছিল এক ধরনের অস্থিরতা। কারণ, কানের মঞ্চে নিয়মিত উপস্থিত এই বলিউড তারকাকে শুরুতে কোথাও দেখা যাচ্ছিল না।
এমনকি অনেক ফ্যাশনপ্রেমী লরিয়ালের প্রতিও হতাশা প্রকাশ করেছিলেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে উৎসবের শেষদিকে রাজকীয় উপস্থিতিতে হাজির হলেন সাবেক বিশ্বসুন্দরী।
আপরদিকে, স্বর্ণপাম নিয়ে আলোচনা যেন শেষ নেই। এখন বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের একটাই প্রশ্ন কার হাতে উঠছে কানের সর্বোচ্চ সম্মান পাম দ্য’র বা স্বর্ণপাম? ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের চলচ্চিত্র সমালোচক পিটার ব্র্যাডশ ইঙ্গিত দিয়েছেন, এবার কান উৎসবের সমীকরণ বদলে দিতে পারে রুশ নির্মাতা আন্দ্রে জাভিয়াগিন্তসেভের ‘মিনোটর’।
কোভিড মহামারির সময় টানা ৪০ দিন কোমায় থাকা এবং প্রায় ৯০ শতাংশ ফুসফুসের ক্ষতি কাটিয়ে অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠা এই নির্মাতা মিনোটর দিয়ে এবার উৎসবে ঝড় তুলেছেন। গ্রিক পুরাণের রূপক ব্যবহার করে এ সিনেমায় রাশিয়ার ভেতরের দুর্নীতি, ক্ষমতার দম্ভ এবং ইউক্রেন যুদ্ধের নির্মম বাস্তবতাকে এক পারিবারিক সংকটের মোড়কে ফুটিয়ে তোলা হয়েছে।
স্বর্ণপাম জয়ের দৌড়ে মিনোটরের প্রধান প্রতিদ্বন্দ্বী পোলিশ নির্মাতা পাভেল পাভলিকোভস্কির ‘ফাদারল্যান্ড’। স্নায়ুযুদ্ধের পটভূমিতে তৈরি এই সিনেমাকে কানের আন্তর্জাতিক সমালোচকদের প্যানেল ইতিমধ্যে এবারের আসরের সর্বোচ্চ রেটিং দিয়েছে।
এ ছাড়া স্বর্ণপামের দৌড়ে পেদ্রো আলমোদোভারের ‘বিটার ক্রিসমাস’, জেমস গ্রের ‘পেপার টাইগার’ এবং রিউসুকে হামাগুচির ‘অল অব আ সাডেন’ সিনেমাগুলোকেও এগিয়ে রাখছেন সমালোচকেরা।
স্বর্ণপাম ছাড়াও কানের অন্য প্রধান পুরস্কারগুলোর জন্য শক্ত অবস্থানে রয়েছে স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভারের ‘বিটার ক্রিসমাস’ ও রোমানিয়ান পরিচালক ক্রিস্টিয়ান মুঞ্জিউর সাইকোলজিক্যাল থ্রিলার ‘ফিয়র্ড’। এতে এক মার্কিন প্রকৌশলীর চরিত্রে অনবদ্য অভিনয় করা সেবাস্তিয়ান স্ট্যানের হাতে উঠতে পারে এবারের সেরা অভিনেতার পুরস্কার।
কানের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আজ রাতেই জুরিপ্রধান পার্ক ছান উক ও তাঁর টিম ঘোষণা করবেন কার হাতে উঠছে এবারের কান উৎসবের সেরার পুরস্কার।