নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডোমার উপজেলার সোনারায় বাজার সংলগ্ন পুটির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ হাবিব।
নিহতরা হলেন, মিথিলা ভ্যান চালক ডোমার উপজেলার চিলাহাটি সবুজপাড়া এলাকার মৃত মফিজ উদ্দীনের ছেলে মমিনুল ইসলাম (৪০) এবং উপজেলার মাহিগঞ্জ এলাকার অকিন্দ্র চন্দ্রের ছেলে ট্রাক শ্রমিক বিকাশ চন্দ্র (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে বালু ভর্তি একটি ট্রাক নীলফামারীর দিকে যাচ্ছিল। এসময় সোনারায় পুটির মোড়ে ট্রাকটি পৌঁছালে বিপরীতদিক থেকে আসা যাত্রীবাহী একটি সেলো মেশিন চালিত ভটভটির (মিথিলা) ভ্যানগাড়ি দ্রুতগতিতে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে উল্টে পরে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক শ্রমিকের ওপর উল্টে পরে।
এসময় ঘটনাস্থলে মিথিলা ভ্যান চালক মমিনুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিস ও পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় সেখান থেকে নিহত ও আহতের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শ্রমিক বিকাশ চন্দ্রকে মৃত ঘোষণা করেন। বাকি আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় আবুল কালাম জানান, দুর্ঘটনার শব্দ শুনে এলাকাবাসীর সঙ্গে তিনিও ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তিনি মিথিলা ভ্যানচালককে মৃত অবস্থায় দেখতে পান। এছাড়া বালুর নিচ থেকে এক শ্রমিককে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ডোমার থানার ওসি মোঃ হাবিবুল্লাহ হাবিব জানান, বালু বোঝাই ট্রাক ও যাত্রীবাহী ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহত বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।