নারায়ণগঞ্জ শহরে অভিযান চালিয়ে অনলাইন জুয়া মামলায় অনলাইন জুয়ার এজেন্টসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। শহরের দেওভোগে সিটি পার্ক (সাবেক রাসেল পার্ক) এলাকা থেকে শুক্রবার (২২ মে) রাতে তাদের আটক করা হয়।
শনিবার (২৩ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ গ্রেপ্তারের বিষয়ে জানায়।
আটকরা হলেন শহরের ২নম্বর বাবুরাইল এলাকার বাসিন্দা অনলাইন জুয়ার এজেন্ট জাহিদ হাসান (২৬), শিবু মার্কেট কাঠেরপুল এলাকার মো.মাশরাফি (১৯), একই এলাকার মো. সিয়াম (১৯) বন্দর বুরুন্দি এলাকার আব্দুর রহমান (২৩), মাসদাইর লিচুবাগ মসজিদ গলির মো. আমানুল্লাহ (১৯)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানা যায় দীর্ঘ দিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সদর থানা বিভিন্ন এলাকায় সাইবার অপরাধ বা অনলাইন জুয়ায় জনসাধারণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২২ মে রাতে সদর থানা সিটি পার্ক (রাসেল পার্ক) এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া মামলায় অনলাইন জুয়ার এজেন্টসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
অনলাইন জুয়া খেলার বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়।