ঈদে হিলি স্থলবন্দরে ৭দিন আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা সাতদিন ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ও বন্দরের ভেতরের কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে তারা।

শনিবার (২৩ মে) হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, পবিত্র ঈদুল আযহা যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রবিবার পর্যন্ত টানা সাতদিন বন্দরের সিআ্যন্ডএফ এজেন্ট কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই সময়ে বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে আমদানি রপ্তানি বন্ধ থাকবে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক পত্রের মাধ্যমে বিষয়টি ভারতীয় রপ্তানিকারকসহ বন্দরের সকল আমদানি রপ্তানিকারকসহ সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে।

এছাড়া আগামী ১ জুন সোমবার থেকে পুনরায় হিলি স্থলবন্দরে সিআ্যন্ডএফ এজেন্টের কার্যক্রম চালু হবে বলে পত্রে উল্লেখ করা হয়। এছাড়া ঈদের ছুটি ব্যতীত বন্দরের ভেতরের কার্যক্রম চালু থাকবে। এসময়ে আমদানিকারকরা চাইলে পূর্বের আমদানি করা পণ্য খালাস নিতে পারবেন বলে জানিয়েছেন বন্দর কতৃপক্ষ।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, ঈদে বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রমের কোনো বন্ধ নেই। যথারীতি প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রীরা দুদেশের মাঝে যাতায়াত করতে পারবেন।