মিরপুরের শিশুকন্যা রামিসা হত্যাকাণ্ডের বিচার আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আইন অনুযায়ী এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বলেও উল্লেখ করেন তিনি।
আজ শনিবার বিকেলে (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও বলেন, এ ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়।
প্রধানমন্ত্রী বলেন, মিরপুরের শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় চূড়ান্ত অবক্ষয় স্পষ্ট হয়েছে। এই ধরনের শিশু ও নারী নির্যাতন বর্তমান সরকার বরদাশ করবে না।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন শুধুমাত্র দেশের অধিকার ও সম্পদ হরণ করেনি, বিচার ব্যবস্থাও ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মানবতা ও ধর্মীয় মূল্যবোধের। এগুলো একেবারে বিনষ্ট করে দেওয়া হয়েছে।
বিস্তারিত ভিডিওতে-