ইরান যুদ্ধ ঘিরে বিদ্যমান জ্বালানি সংকট মোকাবিলায় আরও বেশি দামে ‘স্পট মার্কেট’ থেকে তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে যাচ্ছে সরকার। এতে অতিরিক্ত ব্যয় হবে ১৪৪ কোটি টাকা।
দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে দুই কার্গো এবং যুক্তরাজ্যের কোম্পানি টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন মিলেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন মাসে এ এলএনজি সরবরাহ করা হবে।
এদিন সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৩তম সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
জুন মাসে সরবরাহযোগ্য এ কার্গো এলএনজি কেনা হচ্ছে ভাইটল এশিয়া, বিপি সিঙ্গাপুর ও গানভর সিঙ্গাপুর থেকে। এতে মোট ব্যয় ধরা হয় ২১৮৬ কোটি ৩৫ লাখ ৪৮ হাজার ২২২ টাকা। অর্থাৎ একই মাসে সমপরিমাণ এলএনজি আমদানিতে প্রায় ১৪৪ কোটি টাকা ব্যয় বাড়ল।
এর আগে গত ৭ মে ‘স্পট মার্কেট’ থেকে তিন কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয় কমিটির ২০তম সভায়।
এদিকে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকার কারণে জ্বালানির দাম বাড়ায় এ খাতের অস্থিরতা সামাল দিতে বাংলাদেশকে আরও ৩৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক।
এলএনজি আমদানির অর্থায়নে সহায়তার জন্য বাড়তি এ অর্থ দেওয়ার অনুমোদন ১৫ মে দিয়েছে উন্নয়ন সহযোগী সংস্থাটি।
শনিবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৩০ হাজার টন ‘ব্যাগড গ্র্যানুলার’ ইউরিয়া সার এবং ৪০ হাজার টন ডিএপি সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।