ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে একটি চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তির দিকে অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, দুই দেশের আলোচকরা এখন একটি সম্ভাব্য সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন।

শনিবার (২৩ মে) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি।

ট্রাম্প বলেছেন, একটি চূড়ান্ত চুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র লাভ করা থেকে বিরত রাখা সম্ভব হবে এবং ইরানের মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম যাতে সন্তোষজনক উপায়ে সামাল দেওয়া যায়, তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ‘আমি কেবল এমন একটি চুক্তিতেই স্বাক্ষর করব, যেখানে আমরা যা যা চাই তার সবকিছুই পাব।’

এর আগে, একই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও বলেছে, প্রায় তিন মাস ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনায় অগ্রগতি হয়েছে।

এদিকে, ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, আমরা একটি ভালো চুক্তিতে পৌঁছাব, নতুবা নরকের আগুনে আমি তাদের উড়িয়ে দেব।

সূত্র: রয়টার্স