বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। সমাজে শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং বিভেদমূলক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি বলেন, সমাজে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। একজনকে রাজাকার, আরেকজনকে ফ্যাসিস্ট বলে বিভাজন সৃষ্টি না করে সবাইকে সহনশীল হতে হবে। সমাজব্যবস্থা ঠিক রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ জরুরি।
শনিবার (২৩ মে) বিকেল ৫টায় বগুড়ার আদমদীঘিতে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও সুধী সমাবেশ এবং আদমদীঘি থানার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম, স্থানীয় সরকারের বগুড়া জেলার উপপরিচালক রাজিয়া সুলতানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান, সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফরিদ, আদমদীঘি শাখার কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের সভাপতি মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।