গোপালগঞ্জে নদীতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফুফু বাড়িতে বেড়াতে গিয়ে মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. সাজিদ মোল্লা (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বরাশুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থীর ফুফু মিনা বেগম জানান, গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কংসুর গ্রামের সোহেল মোল্লার ছেলে সাজিদ মোল্লা ফুফুর বাড়ি কাশিয়ানী উপজেলার কাশিয়ানী ইউনিয়নের বরাশুর গ্রামে বেড়াতে আসে।

সন্ধ্যার দিকে স্কুল শিক্ষার্থী সাজিদ মোল্লা বাড়ির পাশের মধুমতি নদীতে গোসল করতে যায়। এ সময় সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাজিদ মোল্লাকে মৃত ঘোষণা করেন।