রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যাকা-ের দ্রুত বিচার দাবিতে গত কয়েকদিন ধরে দেশজুড়ে দাবি উঠেছে। এ দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানও রামিসার বাসায় গিয়ে তার পরিবারকে দ্রুত বিচারের আশ^াস দিয়েছিলেন। আবার গতকাল ময়মনসিংহের ত্রিশালে এক অনুষ্ঠানেও রামিসার হত্যার ঘটনায় সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে তা দৃশ্যমান হতে শুরু করেছে। গতকাল ডিএনএ পরীক্ষার প্রতিবেদন দিয়েছে সিআইডি। সবকিছু ঠিক থাকলে আজ রবিবার আদালতে অভিযোগপত্র দাখিল করার কথা রয়েছে মামলার তদন্ত কর্মকর্তার। সব মিলিয়ে রামিসা হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি করে নজির স্থাপন করতে চায় সরকার।
সিআইডির দেওয়া ডিএনএ প্রতিবেদনে বলা হয়, আট বছরের শিশু রামিসা আক্তারকে হত্যার আগে ধর্ষণ করা হয়। তার শরীর থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে বলে মামলার তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। নাম না প্রকাশ করার শর্তে ওই কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, রামিসাকে ধর্ষণ করা হয়েছে। ডিএনএ পরীক্ষায় দুজনের ডিএনএ নমুনা ছিল। এর মধ্যে একটি রামিসার এবং অপরটি অভিযুক্ত সোহেল রানার। সোহেলের নমুনায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। সিআইডির ল্যাবে পরীক্ষা করা ডিএনএ রিপোর্ট ম্যাচ করার পর গতকাল শনিবার মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামানের কাছে সেটি হস্তান্তর করে সিআইডি।
এসআই অহিদুজ্জামান জানান, ‘সিআইডি ডিএনএ রিপোর্ট সম্পন্ন করে আজ (শনিবার) আমাদের কাছে হস্তান্তর করেছে। আগামীকাল (আজ) রবিবার আদালতে মামলার অভিযোগপত্র দাখিলের চেষ্টা চলছে। দ্রুত নির্ভুল অভিযোগপত্র দাখিলের নির্দেশনা রয়েছে। তাই অভিযোগপত্র তৈরিসহ তদন্ত কার্যক্রম নিয়ে সব কর্মকর্তা ব্যস্ত সময় পার করছেন।’
এ ঘটনায় দায়ের হওয়া মামলার অভিযোগপত্র ঈদের আগে দাখিল করা সম্ভব হলে বিচার কাজ ঈদের পর শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। গতকাল সকালে মহাখালী ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে রামিসার বিচার সংক্রান্ত প্রশ্নের জবাবের উত্তরে আইনমন্ত্রী বলেন, মাগুরার আছিয়া হত্যা মামলায় চার্জশিট দাখিলের পর বিচার শেষ করতে এক মাস সময় লেগেছিল। ২৫ মে থেকে ঈদের ছুটি শুরু হবে। তার আগেই যদি ডিএনএ রিপোর্ট পাওয়া যায় এবং ঈদের আগেই চার্জশিট দাখিল করা সম্ভব হয়, তাহলে ঈদের পরপরই বিচারিক প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।
যদিও রামিসাকে হত্যা ও ধর্ষণের কথা স্বীকার করে ইতিমধ্যে আদালতে জবানবন্দি দিয়েছে অভিযুক্ত সোহেল। কোনো মামলায় এত দ্রুত অভিযোগপত্র দাখিলের নজির নেই বললেই চলে। রামিসা হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি করে নজির স্থাপন করতে চায় সরকার।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যা করা হয় রামিসাকে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে সোহেল। এ হত্যাকা-ে সোহেলের দ্রুত বিচার চেয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকালও প্রতিবাদ হয়েছে। সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, গতকাল বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা দক্ষিণ বিভাগের আয়োজনে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ডালিম আহমেদ সুমন মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব আলহাজ লায়ন মীর আব্দুল আলীম।
রাঙ্গামাটি প্রতিনিধি জানান, রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল শনিবার সকালে কলেজের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বকুল, ইসরাত জাহান, হাসনা হেনা নুপুর, আয়েশা তুন্ন নাফরা ও প্রথম বর্ষের শিক্ষার্থী তাহমিনা সুলতানাসহ অন্য শিক্ষার্থীরা বক্তব্য দেন।
রামিসার কবর জিয়ারত দুই এমপির : মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, রামিসার কবর জিয়ারত করেছেন দুই সংসদ সদস্য, জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি নেতৃবৃন্দ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যম শিয়ালদি গ্রামে রামিসার কবর জিয়ারত করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহিমা নাসরিন মুন্নী। একই সঙ্গে কবর জিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, জেলা পরিষদ প্রশাসক একেএম ইরাদত মানু, জেলা বিএনপির সদস্য শিল্পপতি মোশারফ হোসেন পুস্তি, জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না ও জেলা ছাত্রদলের সভাপতি জামাল হোসেন।
রামিসা হত্যা মামলায় বিশেষ পিপি নিয়োগ : রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্নের উদ্দেশ্যে অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে গতকাল আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু দেশ রূপান্তরকে বলেন, ‘সরকার একটি ভালো উদ্দেশ্যে এই বর্বর হত্যাকা-ের বিচারে সহযোগিতা করার জন্য আমাকে নিয়োগ দিয়েছে। এখন দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে ট্রাইব্যুনালকে আমি সর্বোচ্চ সহযোগিতা করব।’